রানীশংকৈলে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
রফিকুল ইসলাম সুজন,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি-ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীমোড় এলাকার নাজমুল ইসলামের ছুরিকাঘাতে তার স্ত্রী রাবেয়া খাতুন নিহত হয়েছে।
৮ নভেম্বর বুধবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর থানায় এসে নিজে আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী নাজমুল ইসলাম। এসময় থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, ভোর থেকে নাজমুল ও রাবেয়া দম্পতির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ার শব্দ শুনতে পান তারা। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করেন এবং ছুরি দিয়ে তার স্ত্রীর বুকে আঘাত করেন। পরে রাবেয়া চিৎকার দিয়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, ভোর থেকে রাবেয়া ও তার স্বামী নাজমুলের মধ্যে ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে ছুরি দিয়ে বুকে আঘাত করে এবং পরবর্তীতে সে জানতে পারে তার স্ত্রী মারা গেছে অতঃপর সে থানায় এসে নিজের শাস্তি দাবী করে আত্মসমর্পণ করে। পরে রানীশংকৈল থানা পুলিশ ও এএসপি সার্কেল ঘটনা স্থান পরিদর্শন করেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































